রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
হোমবিশ্বমাদুরোর পর ভেনেজুয়েলায় আটক ১৪ গণমাধ্যম কর্মী

মাদুরোর পর ভেনেজুয়েলায় আটক ১৪ গণমাধ্যম কর্মী

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর আটকের পর দেশটিতে অস্থিরতা ও নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে।

গত সোমবার (৫ জানুয়ারি) রাজধানী কারাকাসে সংবাদ সংগ্রহের সময় অন্তত ১৪ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলার সাংবাদিকদের ইউনিয়ন ‘ন্যাশনাল ইউনিয়ন অব প্রেস ওয়ার্কার্স’ (এসএনটিপি)। এর মধ্যে ১৩ জনই আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি। খবর দ্য গার্ডিয়ানের।

ইউনিয়ন জানায়, পরে আটককৃতদের মধ্যে ১৩ জনকে ছেড়ে দেওয়া হলেও এক বিদেশী সাংবাদিককে সরাসরি দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এখনো এক সাংবাদিক গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) ন্যাশনাল অ্যাসেম্বলির উদ্বোধনী অধিবেশন চলাকালীন ৫ সাংবাদিককে আটক করা হয়। সেখানে তাদের ছবি তোলা, লাইভ প্রচার বা রেকর্ড করার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এছাড়া বেশ কয়েকজন সাংবাদিককে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা অ্যাসেম্বলি ভবনের একটি কক্ষে নিয়ে যান এবং তাদের মোবাইল ফোন তল্লাশি করেন। সাংবাদিকদের ব্যক্তিগত কথোপকথন, ইমেইল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কন্টাক্ট লিস্ট খতিয়ে দেখা হয়েছে, যা সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করার একটি নমুনা বলে দাবি করেছে ইউনিয়ন।

কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্তেও সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়েছে। ইউনিভার্সিটিভিশনের সাংবাদিক হুয়ান কার্লোস ভেলেজ জানান, ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড তার দলের ক্যামেরা জব্দ করে কিছু ফুটেজ মুছে দিয়েছে। এছাড়া গার্ডিয়ান পত্রিকার এক সাংবাদিকের নোটবুক কেড়ে নিয়ে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই পরিস্থিতি নিয়ে মন্তব্য চাইলেও অন্তর্বর্তীকালীন সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কোনো সাড়া দেয়নি।

রিপোর্টার্স উইদাউট বর্ডারসসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, ভেনেজুয়েলায় স্বাধীন সাংবাদিকতা এখন চরম ঝুঁকির মুখে। বিশেষ করে ‘সন্ত্রাসবাদ’ বা ‘ভুল তথ্য ছড়ানোর’ অভিযোগ তুলে যেভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে তা সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় আঘাত। মাদুরোর পতনের পর দেশটিতে এক অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে যেখানে সাধারণ তথ্যের প্রবাহও এখন সেন্সরশিপের কবলে পড়েছে।

সম্পর্কিত খবর