২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেন গাজী আশরাফ হোসেন লিপু।
টানা দুই বছর দায়িত্ব পালন করার পর তিনি আর এই পদে থাকতে চান না। চলতি মাসের ৫ তারিখ বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি।
চুক্তি অনুযায়ী এ মাসেই তার মেয়াদ শেষ হওয়ার কথা। বিসিবি চাইছিল লিপুকে আরও দীর্ঘ সময়ের জন্য দায়িত্বে রাখতে, তবে পারিবারিক কারণ দেখিয়ে নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তিতে আগ্রহ দেখাননি তিনি। ফলে খুব শিগগিরই প্রধান নির্বাচকের পদটি শূন্য হতে যাচ্ছে।
এদিকে জানা গেছে, সাবেক নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
তবে বাশার এখনই সিদ্ধান্ত দিচ্ছেন না। তিনি কিছু সময় চেয়েছেন, যদিও প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে পারেন তিনি।

